
গোপালগঞ্জের কোটালীপাড়ায় '১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই' লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন মন্ডল জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জের ব্যানারে ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই’ লেখা-সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে প্রথমে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পোস্টারসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরটিভি/এমএইচজে


