
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কাউন্সিল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফাহিম শাহরিয়ার।
অভিযানে ইটভাটাদুটিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করার পাশাপাশি একটি ভাটায় আগুন দেওয়ার স্থান বা ‘কিলন’ এবং উৎপাদনকৃত কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে সোমভাগ ইউনিয়নের কাউন্সিল এলাকায় অবস্থিত ‘মা ব্রিকস’ নামে ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং এর কিলন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া একই এলাকার ‘হালাল ব্রিকস’ নামে অপর একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, পরিবেশ দূষণকারী এবং কোনো প্রকার বৈধ অনুমতি বা কাগজপত্র ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। দুটি ইটভাটাকে আইন অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা ও একটির কিলন ভেঙে দেওয়া হয়েছে।
পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ধামরাইয়ের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
আরটিভি/এমএইচজে




