
লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদকে পুনরায় দায়িত্ব প্রদানের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার (১১ অক্টোবর) শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদের শেষ কর্মদিবস ছিল। শেষ দিনে প্রিয় শিক্ষককে বিদায় না জানিয়ে কর্মস্থলে রাখার আকুল আকুতি জানায় শিক্ষার্থীরা। সকালে ক্লাস শুরু হওয়ার পরপরই শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেয়। সেখানে তারা প্রধান শিক্ষককে পুনরায় দায়িত্ব প্রদানের জন্য জোর দাবি জানায়।
পরে বিষয়টি টের পেয়ে প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ নিজে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন এবং তাদের পুনরায় ক্লাসে ফিরিয়ে নেন।
খুরশীদুজ্জামান আহমেদ দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। তার সুচিন্তিত দিকনির্দেশনা ও প্রচেষ্টায় পড়াশোনাসহ নানাবিধ ইতিবাচক কর্মকাণ্ডে বিদ্যালয়টি শুধু দেশেই নয়, বিদেশেও সুনাম ও পরিচিতি অর্জন করেছে।
উল্লেখ্য, সরকারের নিয়ম অনুযায়ী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের অনুমোদন সাপেক্ষে কোনো অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পুনরায় দায়িত্ব পালন করতে পারেন।
আরটিভি/এমএইচজে




