
নোয়াখালী হাতিয়ায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে এক খামারির পুকুরে থাকা প্রায় ৫ লাখ টাকার মাছ।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার জাহাজমারা সেনটারবাজার সংলগ্ন বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধানিয়া মৎস্য খামার নামে এই খামারটি ভাড়া নিয়ে মাছের চাষ করে আসছেন মহব্বত হোসেন নামে খামারি। প্রতিদিনের মতো সকালে তিনি খামারে গিয়ে দেখেন পুকুরে থাকা সব মাছ মরে ভেসে উঠছে। পরে পুকুরের কাছে গিয়ে নিশ্চিত হন পুকুরে বিষ দেওয়া হয়েছে। এ সময় তার চিৎকারের আশেপাশের লোকজন গিয়ে জাল টেনে পুকুরে থাকা সব মাছ তুলে ফেলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রাতে বিষ দেওয়ায় সকাল পর্যন্ত সবগুলো মাছ মরে গিয়ে পচন ধরে গেছে।
স্থানীয় প্রবাসী নুর হোসেন বলেন, মহব্বত দীর্ঘদিন বিদেশে ছিল। দুই বছর আগে বিদেশ থেকে এসে এই খামারটি ভাড়া নিয়ে মাছের চাষ শুরু করে। কয়েকটি এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে এই কাজ শুরু করেন তিনি। এখন তার সবই শেষ হয়ে গেল।
খামারের মালিক পূর্ব বিরবিরি গ্রামের বাসিন্দা মহব্বত হোসেন জানান, নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। বেশি দামে বিক্রি করার জন্য অন্যান্য পুকুর থেকে এসব মাছ এনে একটিতে রাখেন। আজ সকালে এসব মাছ ব্যাপারীদের কাছে বিক্রি করার কথা ছিল। কিন্তু রাতের আধারে পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, তার পুকুরে প্রায় ২০-২২ মন তেলাপিয়া মাছ ছিল। মোটামুটি এসব মাছ বর্তমান বাজার মূল্যে ৫ লাখ টাকায় বিক্রি করা যেত। তাতে তার খরচ পুষিয়ে ভালো লাভ হতো। এখন সবই শেষ। বিষয়টি তিনি থানায় লিখিতভাবে অভিযোগ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। সকালে সংবাদ পেয়ে সবাই গিয়ে দেখে এসেছে। খামারি মহব্বত একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছে। আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে



