
বিয়ের কথা বলে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে এসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় মামলা হলেও সোমবার (১২ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।
মামলার এজাহার অনুযায়ী, চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার প্রতিশ্রুতি দেন। এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে ওঠেন লোকমান।
পরে হোটেলটির দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, পরদিন ৩ অক্টোবর কিশোরীকে নগরের মুরাদপুর এলাকায় নামিয়ে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের ঘটনা জানায় কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে রোববার (১১ অক্টোবর) ভোরে লোকমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে গণমাধ্যমকে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রোববার ভোরে আসামি লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ নিয়ম মেনে কক্ষ ভাড়া দিয়েছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরটিভি/আইএম


