
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত ৫ অক্টোবর মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। পরে মিরপুর থানা পুলিশ অনুসন্ধান শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একইভাবে মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যেও সম্পর্ক তৈরি হয়। পরে চারজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, মিরপুরের তিন কিশোরী বাড়ি ছেড়ে ঢাকায় যায়। সেখানে চারজন হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গণমাধ্রমকে জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ১১ অক্টোবর সন্ধ্যায় হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করা হয়। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
ওসি আরও জানান, টিকটক গ্রুপের মাধ্যমে কিশোরীদের পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে চারজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে


