
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা সিপিপি, ফায়ার সার্ভিস ও কোস্ট ফাউন্ডেশনের অংশগ্রহনে একটি দুর্যোগ প্রতিরোধি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। দুর্যোগপূর্ব প্রস্তুতি, সচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল গালিব, উপজেলা নির্বাচন অফিসার মো. গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, মনপুরা প্রেসক্লাব সভাপতি মো. অহিদুর রহমান প্রমুখ।
আরটিভি/এমএম


