
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের মধ্য থেকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ সার্চ কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মনপুরা উপজেলার প্রত্যেক ইউনিয়নে দলীয় সমর্থন প্রত্যাশীদের মধ্য থেকে জনপ্রিয়তা ও স্থানীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ তিনজন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সুপারিশকৃত প্রার্থীদের নাম ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের কাছে জমা দেওয়া হবে।
মনপুরা উপজেলা সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সামস উদ্দিন চৌধুরী, ডা. মো. কামাল উদ্দিন এবং আব্দুল খালেক সেলিম মোল্লা।
কমিটি সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা ও স্থানীয় গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে প্রার্থী তালিকা প্রস্তুত করবে।
এদিকে বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটি গঠনের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানা গেছে ।
আরটিভি/এমএইচজে



