
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) শিশুটির মা থানায় মামলা করেন।
শিশুটির মা জানান, পারিবারিক কারণে তিনি অন্যত্র বসবাস করায় তার মেয়ে দাদি ও চাচির কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছিল। ঘটনার দিন বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। কিছুক্ষণ পর অন্যরা ফিরলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে তাকে আহত অবস্থায় পাওয়া যায়।
পরিবারের দাবি, খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত মোশাররফ শিশুটিকে ছাদে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ দেওয়া হয়।
শিশুটির মা জানান, ঘটনার পর চিকিৎসা করাতে জটিলতার মুখে পড়েন তারা। পরে শিশুটিকে যশোরের বাগআঁচড়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশের সহযোগিতায় সোমবার (১২ অক্টোবর) তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে মোশাররফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার আত্মীয় ওই ইউপি চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেন।
তার দাবি, ঘটনাটি সত্য নয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে তার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। মামলায় মোশাররফ হোসেনকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা শেষে আদালত তার জবানবন্দি নিয়েছেন।
আরটিভি/এসএস


