
নেত্রকোনার খালিয়াজুরীতে কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শ্রাবন পাঠান (২৮) নামে ওই কর্মী গুরুতর আহত হয়েছেন। তার মাথা, হাত ও পিঠে ১৫টির বেশি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৩ নভেম্বর) খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত ৯টার দিকে উপজেলার উদয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ তার জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না।
আহত শ্রাবন পাঠান উপজেলার সাতগাঁও গ্রামের কাঞ্চন পাঠানের ছেলে। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের কর্মী।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কুরিয়ার সার্ভিসের মালামাল ডেলিভারির কাজে বের হয়েছিলেন শ্রাবন। দুর্গম হাওরাঞ্চল হওয়ায় বিভিন্ন প্রান্তে গিয়ে মালামাল পৌঁছে দিতে বেশ সময় লাগে। রাত ৯টার দিকে উদয়পুর এলাকায় ছিনতাইকারীরা তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, হাত ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার সঙ্গে থাকা মালামাল ডেলিভারির ১ লাখ ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় শ্রাবন মোটরসাইকেল চালিয়ে উদয়পুর বাজারের কাছে সড়কে পৌঁছে অচেতন হয়ে পড়ে যান। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানান, সোমবার দুপুরে শ্রাবনের জ্ঞান ফিরেছে। তবে তিনি কথা বলতে পারছেন না। ইশারায় পরিবারের সদস্যদের কাছে নিজের প্রয়োজনের কথা জানাচ্ছেন।
খালিয়াজুরী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের শাখা অফিসের কর্মী সজিব সরকার বলেন, শ্রাবনের কাছে ডেলিভারির ১ লাখ ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া গ্রাহকদের মালামালও ছিল। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ তার জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, স্টেডফাস্টের কর্মী শ্রাবন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএইচজে


