
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এ সময় ককটেল বিস্ফোরণ ও বহু দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া নিজেদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাক থেকে শহরে একটি মিছিল বের করা হয়। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ কয়েকজন যুবক। এর জের ধরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড (বিজিবি), আনসার ও পুলিশের বিশেষায়িত দল (এসআরবি)। আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রগুলো বলছে, কে বড় নেতা হবেন এবং এলাকায় কার আধিপত্য থাকবে— মূলত এই দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আন্দোলনের নামে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।
আরটিভি/এমএইচজে



