
আমীর নির্বাচনকে ঘিরে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমীর নির্বাচন নিয়ে নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমীর হতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি পরে সেটি বাগবিতন্ডায় রূপ নেয়। এক পর্যায়ে সেক্রেটি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করে জামায়াতের একটি অংশ। যার মধ্যে সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদ নিয়ে দলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় নগরীর গাংচর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়া জানানো হবে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আরটিভি/এমএ




