
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহরাজ হোসেন (১০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীবতলী ইউনিয়নের বিজয়নগর গ্রামের মেজবা উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিল মেহরাজ। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) নূর মিয়া সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে পৌঁছে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পুলিশ আরও জানায়, নিহত মেহরাজের মা শারমিন সুলতানা কচুয়া বাজারের আলহেরা ইসলামি একাডেমির সহকারী শিক্ষিকা। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করতেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, দুর্ঘটনাস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা এলাকার আওতাধীন। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম



