
নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। এর আগে গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রবিউল হোসেন একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তার মেয়ে একসময় মাদরাসায় পড়াশোনা করত। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। একই বাড়ির রবিউল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, ঘটনার দিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় তার মেয়ে। পরে বাথরুম থেকে ফেরার সময় রবিউল তাকে জোরপূর্বক রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। বাজার থেকে বাড়ি ফেরার পর তার সন্দেহ হলে মেয়ের কাছে বিষয়টি জানতে চান। তখন কিশোরী তাকে ধর্ষণের কথা জানায়। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। এরপর অভিযুক্তের পরিবারের সদস্যরা ঘটনা অস্বীকার করেন এবং উল্টো গালমন্দ করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে থানায় এসেছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে



