
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, রয়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সম্প্রতি এক গবেষণায় ডিএনএ বারকোড ব্যবহার করে সুন্দরবনে সম্পূর্ণ নতুন পাঁচ প্রজাতির মাছ ও দুই প্রজাতির চিংড়ির সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে সুন্দরবনে ৩৮২ প্রজাতির সাদা মাছ ও ৮৮ প্রজাতির খোলসযুক্ত প্রাণী (চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুক ও স্কুইড) পাওয়া গেল।
‘সুন্দরবনের জলজ সম্পদের মূল্যায়ন’ শিরোনামে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সরকারের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় ১৬ মাস ধরে গবেষণাটি পরিচালনা করেছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ও আরণ্যক ফাউন্ডেশন। ১৩ আগস্ট খুলনায় এর খসড়া প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা গেছে, গত দেড় দশকে সুন্দরবনে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বড় সাদা মাছের উৎপাদন অর্ধেকের বেশি কমে গেছে। জনপ্রিয় মাছের মধ্যে ভেটকি, পোয়া, পাঙাশ ও বাগদা চিংড়ি বর্তমানে অতিরিক্ত আহরণের শিকার হয়ে ঝুঁকিতে রয়েছে।
গবেষক দল ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দীর্ঘ ১৬ মাস সুন্দরবনের চারটি রেঞ্জের ৬৫টি নদী ও খাল জরিপ করে। এ ছাড়া বনের ভেতরে ৪২৪ কিলোমিটার এলাকায় নৌকা দিয়ে এবং শ্যামনগর, কয়রা, মোংলা ও শরণখোলার সাতটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে তারা।
গবেষকরা সুন্দরবনের ৩০ প্রজাতির মাছ ও ১১ প্রজাতির খোলসযুক্ত প্রাণীর ডিএনএ বারকোড তৈরি করেছেন। এর মধ্যে তিনটি মাছ ও একটি কাঁকড়ার ডিএনএ সিকোয়েন্স আন্তর্জাতিক জিনব্যাংকে ডেটাবেজে আগে ছিল না, যা প্রথমবার জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সার্বিক বিষয় নিয়ে গবেষক দলের প্রধান ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. এম এনামুল হক বলেন, সুন্দরবন উপকূলের জলভাগের অন্যতম নার্সারি। উপযুক্ত পরিবেশ পেলে জলজ সম্পদ আরও বাড়ানো সম্ভব।
তিনি বলেন, ছোট ও পোনা অবস্থায় অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ছে। বিষের কারণে নষ্ট হচ্ছে অনেক প্রজাতি। এ জন্য সুন্দরবন জলজ সম্পদের উৎপাদন স্বাভাবিক রাখতে ভেটকি, পোয়া, কাইন মাগুর, শিলা কাঁকড়াসহ অন্যান্য প্রজাতির আহরণের সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা সীমা পুনর্বিবেচনা, ক্ষতিকর জাল ও বিষ প্রয়োগ পুরোপুরি নিষিদ্ধ করা, পারশে, নোনা ট্যাংরা, দাঁতিনার পোনা হ্যাচারিতে উৎপাদন এবং বননির্ভরশীল মানুষের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে।
১৯৯৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রথমবারের মতো জরিপে সুন্দরবনে ১৭৫টি মাছের প্রজাতি চিহ্নিত করে। গত তিন দশক এ নিয়ে নানা গবেষণা হয়েছে। নতুন এই গবেষণায় বনে ২৫১ প্রজাতির মাছ ও ৫১ প্রজাতির খোলসযুক্ত প্রাণীর উপস্থিতি পাওয়া গেছে। আগের গবেষণার ফলাফল মিলিয়ে সুন্দরবনে মোট ৩৮২ প্রজাতির সাদা মাছ ও ৮৮ প্রজাতির খোলসযুক্ত প্রাণী পাওয়া গেল।
গবেষণায় দেখা গেছে, সুন্দরবনে সাধারণত ৫০-৬০ প্রজাতির মাছ জেলেদের জালে ঘন ঘন ধরা পড়ে। তবে সব মৌসুমে সব মাছ পাওয়া যায় না। শীতকালে পাঙাশ, কাইন মাগুর, চাকা চিংড়ি ও হরিণা চিংড়ি বেশি পাওয়া যায়। বর্ষাকালে ভাঙন, ভোল, দাঁতিনা, জাওয়া, পারশে, পায়রা, নোনা ট্যাংরা, ভেটকি ইত্যাদির মতো অন্যান্য বেশির ভাগ মাছ বেশি পরিমাণে পাওয়া যায়। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে প্রজাতির প্রাচুর্য বেশি। সেখানে ১৬৪টি প্রজাতি মাছ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় ১৫২টি, খুলনায় ১৪২টি এবং চাঁদপাই রেঞ্জে ১২৩টি প্রজাতির মাছ পাওয়া গেছে।
এ ছাড়া বনের পানিতে ৮৮ প্রজাতির শেলফিশ পেয়েছে গবেষক দলটি। এর মধ্য রয়েছে ২৭ প্রজাতির চিংড়ি, ২৪ প্রজাতির কাঁকড়া, ১৬ প্রজাতির শামুক, ১৫ প্রজাতির ঝিনুক, ৫ প্রজাতির অক্টোপাস ও স্কুইড, এক প্রজাতির বার্নাকল ও এক প্রজাতির কাইটন (শামুকের মতো অন্য প্রাণী)।
গবেষণায় ৮৩টি মাছের নমুনার ডিএনএ বিশ্লেষণ করে বাংলাদেশের উপকূলীয় জলসীমার জন্য সম্পূর্ণ নতুন পাঁচটি মাছ ও দুটি চিংড়ির প্রজাতি নথিবদ্ধ করা হয়েছে।
নতুন পাওয়া মাছগুলো হচ্ছে— বড় আইশ পারশে (বৈজ্ঞানিক নাম: Planiliza macrolepis), ফোটা বাটা (Crenimugil seheli), বার্মিজ এক ঠু্ইটা Dermogenys burmanica), কুলি বেলে বা চ্যাপ্টা মাথা বেলে (Butis humeralis) এবং ফোটা বেলে (Acentrogobius viridipunctatus)।
মাছ ছাড়াও বনের পানিতে পাওয়া গেছে সম্পূর্ণ নতুন দুই প্রজাতির চিংড়ি। এর বৈজ্ঞানিক নাম Cloridos scorpio ও Nematopalaemon tenuipes। গবেষকরা জানান, স্থানীয় জেলেরা এগুলোকে সাধারণ ছোট নদী চর চিংড়ির সঙ্গে মিশিয়ে ফেলতেন বলে এতদিন এদের আলাদা কোনো আঞ্চলিক নাম গড়ে ওঠেনি।
মাছ ছাড়াও সুন্দরবনের পানিতে বসবাসকারী অ-মৎস্য মেরুদণ্ডী প্রাণীদের ওপর প্রথমবার নিবিড় জরিপ পরিচালনা করা হয়। ৪২৪ কিলোমিটার নদী ও খালে জরিপ চালিয়ে মোট ৭৬টি বিশ্বজুড়ে বিপন্ন লবণ পানির কুমির দেখা গেছে।
অন্যদিকে, ৪৮৭ কিলোমিটার খাল জরিপে ৫১টি দলে মোট ১৭২টি ভোঁদড় দেখা গেছে। এ ছাড়া সুন্দরবনের জলজ ইকোসিস্টেমে চার প্রজাতির পানিনির্ভর সাপ (রাজগোখরা, গোখরা, মেটে সাপ ও কুকুরমুখী জলসাপ), রামসংকে বা মেছো তক্ষক এবং স্বাদুপানির পুকুরগুলোতে ১৫ প্রজাতির উভচর ব্যাঙের প্রজনন ও উপস্থিতি উঠে এসেছে। সুন্দরবনের খালে মোট ১৫১ প্রজাতির ফাইটোপ্লাঙ্কটন এবং ১১০ প্রজাতির জুপ্লাঙ্কটন পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, সুন্দরবনে আইড়, ভেটকি, ভোল ও পাঙাশের মতো বড় বড় বাণিজ্যিক সাদা মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমছে। বিপরীতে ধরা পড়ছে কম মূল্যের ছোট আকৃতির মাছ।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ২০০৯ সালে চার হাজার ৩৬০ টন মাছ সংগ্রহ করা হয়। ২০২৩ সালে এটি কমে দাঁড়ায় এক হাজার ৫৭০ টনে। একইভাবে সাতক্ষীরা রেঞ্জে ২০১৪ সালে তিন হাজার ৭৯৭ টন মাছ সংগ্রহ করা হলেও ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০ টনে।
বন বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী বলেন, সুন্দরবনের জলজ সম্পদ রক্ষায় বন বিভাগ নিয়মিত গবেষণাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। একসময় বনের ২৩ শতাংশ এলাকা অভয়ারণ্য ছিল। জলজ সম্পদ সংরক্ষণের জন্য ২০১৭ সালে বনের ৫৩ দশমিক ৫২ শতাংশ এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়। এর কারণেও সার্বিক মাছের আহরণ কমেছে।
সুন্দরবনে স্বাভাবিক মৎস্য প্রজনন ত্বরান্বিত করতে ১৯৮৯ সালে ১৮টি খালকে স্থায়ীভাবে সংরক্ষিত ঘোষণা করা হয়। সেখানে মাছ ধরা নিষিদ্ধ। গবেষণায় দেখা গেছে, সাধারণ খালের তুলনায় এসব সংরক্ষিত খালের পরিবেশগত অবস্থা ও পানির মান ভালো এবং এগুলো পাঙাশ, বোয়াল, কই, টাকি, ট্যাংরা, পুঁটি, বাইম ও চিংড়ির প্রধান প্রজনন ক্ষেত্র ও আবাসস্থল হিসেবে কাজ করে।
তবে দীর্ঘদিন পলি জমার কারণে শরণখোলা রেঞ্জের দাশেরভারণী খাল এবং সাতক্ষীরা রেঞ্জের ছোট কেয়াখালী খালের মতো কিছু সংরক্ষিত খাল বর্তমানে সম্পূর্ণ ভরাট ও অকার্যকর হয়ে পড়েছে। এ জন্য প্রতিবেদনে নাব্য হারানো খালগুলোকে বাদ দিয়ে সুন্দরবনের চারটি রেঞ্জ থেকে বাস্তুসংস্থানগতভাবে উপযুক্ত খোদিয়াখালী খাল, আঠারোবেকি খাল, আরমাল খাল ও কাগাবোগা খাল নতুন সংরক্ষিত খাল হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
পাশাপাশি বন বিভাগের ক্যাম্প বা স্টেশনগুলোর পাঁচ কিলোমিটারের মধ্যে ৩০ মিটারের কম চওড়া ছোট খালগুলোকে এক বছর পরপর পর্যায়ক্রমে বন্ধ রাখার নতুন নীতি প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
সুন্দরবন সুরক্ষা প্রকল্পের পরিচালক ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, সুন্দরবন সংশ্লিষ্ট সব প্রকল্প প্রস্তাবনায় এই সুপারিশ যুক্ত করা এবং সুপারিশ বাস্তবায়নে তাৎক্ষণিক, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।
আরটিভি/এসএস




