
খুলনার পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতা, ইভ টিজিং ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চারজনের কাছ থেকে ২৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া, ইভ টিজিং, চুরি ও নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়।
আটক চার ব্যক্তি হলেন উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর এলাকার লিয়াকত গাজীর ছেলে হুসাইন গাজী (২২), কপিলমুনির নাসিরপুর এলাকার কহিনুর বিশ্বাসের ছেলে শহীদ হাসান বিশ্বাস, একই এলাকার হাফিজুল বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম শিমুল এবং মাহমুদকাটির কৃষ্ণপদ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, আটক হুসাইন গাজীর কাছ থেকে ১০টি, প্রদীপ দেবনাথের কাছ থেকে ১০টি, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে তিনটি এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জুয়া খেলার অভিযোগে ছয়জন, ইভ টিজিংয়ের ঘটনায় তিনজন, মসজিদের মোটর চুরির মামলায় একজন এবং নাশকতার মামলায় একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/টিআর




