
খুলনায় ছিনতাইয়ের সময় ধারালো চাপাতি দিয়ে পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর সোনাডাঙা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন— মো. ইব্রাহিম গাজী। গ্রেপ্তার মিরাজ (৩৯) নগরীর হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। ইব্রাহিম গাজীর (৪২) বাড়ি নগরীর টুটপাড়ার সরকারপাড়া এলাকায়।
এসআরবি-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে বৃহস্পতিবার স্পেশাল কোম্পানির একটি দল নগরীর সোনাডাঙা থানার কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসআরবি-৬ খুলনার উপ-অধিনায়ক ও স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এ ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে কেএমপির আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার সহযোগী ইব্রাহিম গাজীর বিরুদ্ধেও খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
গত ৯ অক্টোবর গভীর রাতে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে নগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর উপর্যুপরি কোপ দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আওয়াল হোসেন খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
আরটিভি/এসআর



