
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্য, এসআরবির ঢাকা বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য এবং শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত নূর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্নিচার ব্যবসায়ী নূর মোহাম্মদ দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রস্রাব করতে গিয়েছিলেন। সেখানে ককটেলসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে তিনি সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। বিস্ফোরকজাতীয় বস্তুটি চিনতে না পেরে সেটির সেফটি রিং টেনে খুলে ফেলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, দোকানের পেছনে প্রস্রাব করতে যাওয়ার সময় ওই ব্যক্তি ময়লার স্তূপ থেকে প্লাস্টিক বা কৌটার মতো একটি বস্তু হাতে নিয়ে দোকানের সামনে আসেন। সেখানে বসে থাকা কয়েকজন তাকে বস্তুটি নাড়াচাড়া করতে নিষেধ করেন। কিন্তু তিনি সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি আরও জানান, বস্তুটি ককটেল বা পেটার মতো নয়; এটি প্লাস্টিকের তৈরি গোল কৌটার মতো। এটি বোমা কিংবা প্লাস্টিকের হ্যান্ড গ্রেনেডজাতীয় কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ককটেলসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার দেবজিত পাল বলেন, বোমা নিষ্ক্রিয়করণ দলের তথ্য অনুযায়ী, এটি ৫ আগস্ট থানা থেকে হারিয়ে যাওয়া পুলিশের একটি সাউন্ড গ্রেনেড। বোমা নিষ্ক্রিয়করণ দল এবং এসআরবি গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরটিভি/টিআর




