
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা, মাদক ব্যবসা ও আসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ঘিওরকে মাদকমুক্ত করতে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ ও সচেতন করার লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯ ঘটিকায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে ঘিওর উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উত্তরপাড়া গ্রামের হাজারো মানুষ উপস্থিত হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর আরিফ মোর্শেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির ইকবাল এবং ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত (কবির)।
মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক হুমকি। এর ছোবলে তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি পরিবারে অশান্তি ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সেই সাথে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির ইকবাল বলেন, পুলিশ-প্রশাসন ও সকলের সাথে ঐক্য আমরা গ্রাম থেকে মাদক নির্মূল করবো, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশের প্রতি অনুরোধ রাতে যেনো টহল বৃদ্ধি করা হয় তাতে মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে যাবে।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, সবাই সহযোগিতা করলে সমাজ থেকে মাদক বিতাড়িত করা সম্ভব। তবে বাবা-মায়ের সচেতন হতে হবে সবার প্রথমে, সন্তানকে চোখে চোখে রাখতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহসিন বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে পুলিশ প্রশাসন ধরলে যেনো কেউ তদবির না করে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সেটা আপনার সন্তান হলেও ছাড় পাবে না। আমরা পুলিশ এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকের বিরুদ্ধে এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন,আমরা সকলে মিলে মাদক ব্যবসায়ীদের এমন অশান্তিতে রাখবো যেন তারা এই পথ থেকে দূরে সরে আসে। পাশাপাশি আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, সমাজের সকল মা-বাবাদের সোচ্চার থাকতে হবে। সকলের সহযোগিতা থাকলে দ্রুত সমাজ থেকে মাদক নির্মূল হবে।
আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে ঘিওরে মাদকের বিরুদ্ধে জনমত তৈরি হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় মানুষ আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করছে সচেতন মহল।
আরটিভি/ এসকেডি




