
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, কোনো পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে।
তিনি বলেন, কেউ যেন কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সংসদীয় এলাকার পাইন্দং সূর্যগিরি আশ্রম, ভুজপুরের খৈয়া চা-বাগান, আছিয়া চা-বাগানসহ একাধিক পূজামণ্ডপ পূর্ব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবে পূজারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
সরোয়ার আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি।” অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, ওসমান চৌধুরী, বরুণ কুমার আচার্য্য বলাই, আবু আজম তালুকদার, মোজাহারুল ইকবাল লাভলু, নুরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর সংসদ সদস্য সরোয়ার আলমগীর পঞ্চবটি চা-বাগানে সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পূজারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পুলিশকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে লুট হওয়া টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আরটিভি/ এসকেডি




