
ময়মনসিংহের তারাকান্দায় সৎমেয়েকে ধর্ষণের মামলায় জেল খাটার চার বছর পর স্ত্রীকে কুপিয়ে তার হাতের কবজি বিচ্ছিন্ন করেছেন স্বামী ওবায়দুল্লাহ সরকার (৪৫)। ধর্ষণ মামলার প্রতিশোধ নিতে মীমাংসার কথা বলে ডেকে এনে ওই নারীকে কুপিয়ে আহত করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তারাকান্দা ইউনিয়নের এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওবায়দুল্লাহ সরকার ওই গ্রামের তহুর উদ্দিন সরকারের ছেলে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ওই নারীকে কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করার তথ্য নিশ্চিত করেছেন।
ওই এলাকার এক বাসিন্দা বলেন, ওবায়দুল্লাহ আনুমানিক ২০ বছর আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। ঈদের সময় বাড়িতে আসতেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারেন, ওবায়দুল্লাহ তিনটি বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রীর বাড়ি গাজীপুরের শ্রীপুরে। ওই নারীর প্রথম স্বামী মারা গেলে ওবায়দুল্লাহ তাকে বিয়ে করেন। বিয়ের সময় ওই নারীর আগের স্বামীর ঘরে এক কিশোরী মেয়ে ছিল।
ওবায়দুল্লাহ ওই নারীর কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী স্বামী ওবায়দুল্লাহর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করে। পরে ওই নারী তার কিশোরী মেয়েকে বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার চার বছর পর সম্প্রতি ওই নারী দেশে ফেরেন। এদিকে, ওবায়দুল্লাহ জেল খেটে বের হন।
জেল থেকে বের হয়ে প্রতিশোধ নিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মীমাংসার কথা বলে ওই নারীকে তার গ্রামের বাড়ি তারাকান্দা উপজেলার ওই এলাকায় নিয়ে আসেন ওবায়দুল্লাহ। সন্ধ্যার পর মামলা-সংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির জেরে ওই নারীকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। এ সময় দার কোপে ওই নারীর এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওবায়দুল্লাহ পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ওই নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আব্দুর রশিদ বলেন, আহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা থানায় এলে মামলা নেওয়া হবে। অভিযুক্ত ওবায়দুল্লাহকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
আরটিভি/টিআর



