
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানার পর এবার কালিয়াকৈরে এক ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার বিকেল ৪টার দিকে গাজীপুরের সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে।
মো. তালহা বিন জসিম আরও জানান, ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুনে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এর আগে, গত ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরটিভি/এসএইচএম


