
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। এতে কক্ষটিতে থাকা মাইনর চক্ষু অপারেশন থিয়েটারের (ওটি) বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের কর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চক্ষু অপারেশনের কাজে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পুড়ে যায়।
ঘটনার পরপরই এ বিষয়ে বিস্তারিত জানতে হাসপাতালে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লেগে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরটিভি/এমএইচজে



