ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী করতে চাই: ডেপুটি স্পিকার

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম
ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন জানান।

তিনি বলেন, নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেন্দ্রিক সুযোগ-সুবিধা ও বিনিয়োগের পরিবেশ তৈরির পরিকল্পনাও রয়েছে।

ডেপুটি স্পিকার বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ইতিমধ্যে পর্যটনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী শিগগিরই এ এলাকা পরিদর্শন করবেন।

এর আগে পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এসে এলাকার পর্যটন সম্ভাব্যতা যাচাই করবে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে শিগগিরই এলাকার আকাশচিত্র বা এরিয়াল ভিউ ধারণের চেষ্টা করা হবে। পরে সেই চিত্র পর্যটন করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।

কায়সার কামাল বলেন, এত দিন দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা থাকলেও বাস্তবে প্রয়োজনীয় উদ্যোগ ও নথিপত্রের ঘাটতি ছিল। এবার সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু হয়েছে। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে এ অঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে চাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

দুর্গাপুর ও কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, এ অঞ্চলে রয়েছে চিনামাটির পাহাড়, গারো পাহাড় এবং স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী। পাহাড় ও নীল পানির সমন্বয়ে এখানকার প্রাকৃতিক দৃশ্য অনন্য। পাহাড়ের কিছু এলাকায় গেলে কাশ্মীরের মতো প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।

তবে এত দিন এ এলাকার যথাযথ পরিচর্যা হয়নি বলে উল্লেখ করেন কায়সার কামাল। তিনি বলেন, দুর্গাপুর-কলমাকান্দার সৌন্দর্য সারা দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরতে চান তাঁরা। দ্রুত এ অঞ্চলকে নির্দিষ্ট পর্যটন এলাকার আওতায় এনে আনুষ্ঠানিকভাবে পর্যটন এলাকা ঘোষণার চেষ্টা চলছে। একই সঙ্গে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি এবং বিনিয়োগের ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শীত মৌসুমে দুর্গাপুরে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এ সময়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন তিনি। পর্যটকদের নিরাপত্তায় এলাকায় টুরিস্ট পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়ারও চেষ্টা করবেন।

কায়সার কামাল বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দুর্গাপুর-কলমাকান্দাকে একটি আদর্শ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার লক্ষ্য, এ অঞ্চলের পর্যটন নগরী হওয়ার প্রত্যাশা যেন শুধু কথায় সীমাবদ্ধ না থাকে, বরং প্রয়োজনীয় পরিকল্পনা ও নথিপত্রের মাধ্যমেও বাস্তব রূপ পায়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইশরাককে সমর্থন, সাংবাদিকদের সমালোচনা করে যা বললেন এনায়েতুল্লাহ আব্বাসী
সম্প্রতি মাদকের বিরুদ্ধে ইশরাক হোসেনের অবস্থানকে সমর্থন করে ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল।
ইশরাককে সমর্থন, সাংবাদিকদের সমালোচনা করে যা বললেন এনায়েতুল্লাহ আব্বাসী
এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, আবাহন, মহেশ্বরী ও ত্রিনয়নীসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশি হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা এই সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশসহ অন্যরা। পরে মন্ত্রী বিকেল ৩টায় শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। আরটিভি/টিআর
এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
চট্টগ্রামে দিনদুপুরে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা
চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে মাছ লুটের চেষ্টার এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠান। পরে প্রশাসনের হস্তক্ষেপে মাছ লুটের চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেলোয়ার আজিম নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি পক্ষ সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ লুটের চেষ্টা চালায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, তিনি গত বছর ওই পুকুরটি ইজারা নিয়েছিলেন। ইজারার মেয়াদ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়েছে। এ বিষয়ে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আইনি অনুমতি ছাড়া সরকারি পুকুরের মাছ লুটের এ চেষ্টা স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে ব্যর্থ হলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা। অন্যদিকে, অভিযুক্ত দেলোয়ার আজিম সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ অস্বীকার করে বলেন, মাছগুলো আমি টাকা দিয়ে কিনেছি। তাই অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের প্রশ্নই আসে না। আরটিভি/টিআর
চট্টগ্রামে দিনদুপুরে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা
নাতির বিরুদ্ধে দাদাকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তার নাতি তাকে হত্যা করে পালিয়ে গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ী এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহটি শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ। আরটিভি/টিআর
নাতির বিরুদ্ধে দাদাকে কুপিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে রোকন কর্মকার (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার ফাইজা কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকন কর্মকার বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামের শংকর কর্মকারের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার হাসপাতাল গেট এলাকায় একটি স্টেইনলেস স্টিলের (এসএস) দোকান পরিচালনা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন কর্মকার স্ত্রীকে নিয়ে হাসপাতাল গেট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন তার স্ত্রী বাবার বাড়িতে থাকায় তিনি বাসায় একা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের দিকে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেনার দায় অথবা আর্থিক সংকটজনিত হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আরটিভি/টিআর
নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
আরও পড়ুন
আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার
নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক গ্রেপ্তার
গুলিতে নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার
নেত্রকোনায় আবারও যুবককে গুলি