
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার সাচার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি সাচার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি মো. জিয়া উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আতিকুর রহমান জুয়েল, ফারুক হোসেন, বোরহান উদ্দিন প্রধান, জিসান আহমেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দক্ষতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। গাড়ি চালানোর ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনা করা অত্যন্ত জরুরি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে।
একই দিনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তারা চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং সড়কে নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
আরটিভি/টিআর



