
ময়মনসিংহের মুক্তাগাছায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রকে বলাৎকারচেষ্টার অভিযোগে মানিক মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরের মা থানায় মামলা করেছেন। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে কিশোরের মা ছেলেকে পাখির খাবার কিনতে উপজেলার আটানী বাজারে পাঠান। কিশোরটি বাজারসংলগ্ন হেলাল ট্রেডার্স নামের একটি দোকানের সামনে পৌঁছালে দোকানের কর্মচারী মানিক মিয়া তাকে ডেকে ভেতরের একটি আলাদা কক্ষে নিয়ে যান। সেখানে কিশোরকে জোর করে জড়িয়ে ধরে বলাৎকারের চেষ্টা করা হয়।
এ সময় ধস্তাধস্তি করে দোকান থেকে পালিয়ে বাড়িতে ফিরে যায় সে। পরে কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার কথা জানায়। এরপর তার মা থানায় গিয়ে মামলা করেন।
অভিযোগের বিষয়ে মানিক মিয়ার মা বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার ছেলের মতো ভালো মানুষ হয় না। আটানী বাজারের সবার কাছে জিজ্ঞেস করলে তার প্রমাণ পাবেন। যে মহিলা মামলা করেছেন, তার সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছি, ওই মহিলার ব্যবসাই হচ্ছে মামলা করা।’
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে এক স্কুলছাত্রকে জোরপূর্বক বলাৎকারচেষ্টার অভিযোগে তার মা থানায় অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রাত নয়টার দিকে মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এসএস


