
তৃতীয় দিনেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সাভারের আশুলিয়ায়। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকালে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। এ সময় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়কের পাশে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার জিরাবো ও নরসিংহপুর এলাকার দু-তিনটি কারখানার পোশাকশ্রমিক বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। এর কিছু সময় পর তারা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করেন।
একপর্যায়ে পুলিশ আলোচনার মাধ্যমে সড়ক থেকে সরাতে চাইলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর পরই শ্রমিকরা সড়কের পাশে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন।
তবে কোন কোন কারখানার শ্রমিকরা মাঠে নেমেছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থুলে গেলে শ্রমিকরা ইটপাটকেল ছুঁড়তে থাকেন। একপর্যায়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর একটি গাড়িতে আগুন লাগানোর খবর আমরা পেয়েছি। বর্তমানে পরিস্থিত আমাদের নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি অব্যাহত রেখেছে প্রশাসন।
আরটিভি/এমএম


