
নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে ঘরের সিলিংয়ের ওপর লুকিয়েও শেষ রক্ষা হয়নি মারুফ আলীর।
বুধবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মারুফ আলী ওরফে সিজান এবং মহোরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রাসেম ইসলামের ছেলে ইমন ইসলাম।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর বিভিন্ন আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা-পুলিশের একটি দল উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামের পলাশ আহমেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় টিনশেড বাড়ির একটি ঘরে তল্লাশি চালিয়ে সিলিংয়ের ওপর লুকিয়ে থাকা অবস্থায় মারুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির অন্য একটি ঘর থেকে ইমন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এসকে


