
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার চার আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (৪ নভেম্বর) এসআরবির মিডিয়া উইং থেকে অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জলঢাকার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়ার মো. মতিয়ার রহমান (৫৫), রফিকুল ইসলাম (৪৮), মো. রাসেল (২৪) ও মো. মিজান (২২)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৬ সালের ১২ সেপ্টেম্বর সকালে চলাচলের রাস্তা এবং পূর্ব শত্রুতার সজেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৬)। স্বজনরা তাকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা (নম্বর-২১) করেন।
এসআরবি জানায়, মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ নভেম্বর এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ও এসআরবি-১০, ঢাকা-এর একটি যৌথ অভিযানিক দল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ওই চার আসামিকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ মামলার অভিযুক্ত আনারুলকেও গ্রেপ্তার করেছিল এসআরবি।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে এসআরবি।
আরটিভি/এমএইচজে


