
ভোলার লালমোহনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। রিয়াদ নামের এক যুবকের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের দাবি করে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন ডুবাই বাড়িতে অনশন শুরু করেন তিনি। তবে ওই তরুণী প্রেমিকের বাড়িতে আসার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে গেছেন বলে জানা গেছে।
ওই তরুণী দাবি, টিকটকের মাধ্যমে মুঠোফোনে রিয়াদের সঙ্গে তার পরিচয় হয়। পরে চট্টগ্রামে তাদের দেখা হলে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর দীর্ঘ তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরতে যাওয়ার পাশাপাশি শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন বলে দাবি করেন ওই তরুণী।
ওই তরুণীর অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্ক চলাকালে তাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন রিয়াদ। তবে বর্তমানে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন ওই যুবক। এমন পরিস্থিতিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন তিনি।
ওই তরুণীর ভাষ্য, দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর তিনি রিয়াদকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চান। বিয়ে না হওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে সরে যাবেন না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় কয়েকজনের মতে, এমন ঘটনা ঘটে থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। তবে এ বিষয়ে অভিযুক্ত রিয়াদের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য জানার চেষ্টা চলছে।
আরটিভি/টিআর




