
একসময় যার দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই নিজের জীবনের গতিপথ পাল্টে দিয়েছেন একটি কমলা বাগান করে। একটিমাত্র কমলার চারাকে পুঁজি করে শুরু হওয়া সেই জেদ ও পরিশ্রম আজ রূপ নিয়েছে ১৬ বিঘার বিস্তৃত লাভজনক কমলা বাগানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই ভাই হাবিবুর রহমান ও তার ভাই শফিউর রহমানের এই সাফল্য এখন স্থানীয় কৃষিখাতে নতুন সম্ভাবনার গল্প শোনাচ্ছে।
মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামে পা রাখলেই চোখে পড়ে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা কমলার নয়নাভিরাম দৃশ্য। ভারী ফলের চাপে নুয়ে পড়েছে গাছের ডালপালা। সারি সারি গাছে শোভা পাচ্ছে চায়না-৩ জাতের টসটসে রসালো কমলা। বাগানের সৌন্দর্য ও ফলনের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ফল ব্যবসায়ীরা এখন ভিড় জমাচ্ছেন বেগমপুরে।
হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে সেখানকার কমলা বাগান দেখে তাঁর মনে চাষাবাদের স্বপ্ন দানা বাঁধে। দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন মাত্র একটি কমলার চারা। চারা সংগ্রহে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজ উদ্যোগেই সেই গাছ থেকে চারা তৈরি শুরু করেন তিনি। এভাবে প্রায় ৭০০টি চারা উৎপাদন করার পর নিজের বড় ভাই শফিউর রহমানকে সঙ্গে নিয়ে তিন বিঘা জমিতে কমলা আবাদ শুরু করেন।
ধীরে ধীরে নিজেদের ছয় বিঘা জমির পাশাপাশি আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগানের পরিসর বাড়ান দুই ভাই। চার বছর পর গাছে ফল আসতে শুরু করে এবং পরের বছরগুলোয় ফলন ও বাগানের পরিধি— উভয়ই বাড়তে থাকে। বর্তমানে ১৬ বিঘা জমির এই বাগান থেকে প্রতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি করছেন তারা।
সরজমিন দেখা গেছে, বাগানে এখন ভরা মৌসুমের ব্যস্ততা। শ্রমিকেরা গাছ থেকে পাকা কমলা সংগ্রহ করছেন, বাছাই শেষে ক্যারেটে ভরে তা পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। অনেক ব্যবসায়ী সরাসরি বাগানে এসে দরদাম করে কমলা কিনে নিচ্ছেন। এই বাগান ঘিরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে; পাশাপাশি পড়াশোনার ফাঁকে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন এলাকার শিক্ষার্থীরাও।
শফিউর রহমান বলেন, তাদের বাগানের কমলা বেশ রসালো ও মিষ্টি। রং, স্বাদ আর মানের দিক দিয়ে আমদানি করা বিদেশি কমলার সঙ্গে পাল্লা দেওয়ার মতো, ফলে বাজারে এর চাহিদাও বাড়ছে।
ফল ব্যবসায়ী রুহুল আমিন জানান, নিজ দেশের মাটিতে চায়না-৩ জাতের এমন মানসম্মত ও বাম্পার ফলন দেখে তিনি মুগ্ধ। বাগান থেকে সরাসরি কমলা কিনে ঝিনাইদহ শহরে বিক্রি করে তিনিও লাভবান হচ্ছেন, আর এই সাফল্য অন্য চাষিদেরও উৎসাহিত করবে।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে সম্ভাবনাময় এ ধরনের ফল চাষে ভালো ফলন পাওয়া যায়। হাবিবুর ও শফিউরের বাগানে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে




