ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পাহাড়ে অভিযান, মিলল পাতিল-বিছানা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত

মানব পাচারকারীদের আস্তানায় একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে কোনো মরদেহের সন্ধান পায়নি যৌথ বাহিনী। তবে পাহাড়ের আস্তানা থেকে রান্নার পাতিল, খাবার ও বিছানাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

খবর ছড়িয়ে পড়ার পর পাচারকারীরা মরদেহ সরিয়ে ফেলেছে, নাকি সেখানে আদৌ কোনো মরদেহ ছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা-নয়াপাড়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের শতাধিক সদস্য অংশ নেন। অভিযানকালে মানব পাচারকারীদের কয়েকটি চৌকি ও স্থাপনা ধ্বংস করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভোর থেকে পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় পাচারকারীদের বেশ কয়েকটি চৌকি ও স্থাপনা ধ্বংস করা হয়। আগের রাতে পাহাড়ে মরদেহ পড়ে থাকার খবর তারাও পেয়েছিলেন। তবে অভিযানে কোনো মরদেহ পাওয়া যায়নি। সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

অভিযানে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিন ভুট্টা বলেন, সকাল থেকে যৌথ বাহিনীর সঙ্গে পাহাড়ে গিয়েছি। সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। শুধু কয়েকটি রান্নার পাতিল ও বিছানা পাওয়া গেছে। পাহাড়টি এতটাই দুর্গম যে, মরদেহ থাকলেও খুঁজে পাওয়া কঠিন। পাচারকারীরা পাহাড়ের প্রতিটি পথঘাট চেনে। অভিযান চালানো হবে বুঝতে পেরে তারা মরদেহ সরিয়ে ফেলতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) একই পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে একটি বন্দিশালা থেকে ৫৬ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ছয়জন রোহিঙ্গা এবং ৫০ জন বাংলাদেশি। এ সময় মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। অভিযান চলাকালে পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এতে পাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজন পাহাড়ে একাধিক মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলে দাবি করেছিলেন। শুক্রবার টেকনাফ মডেল থানায় পরিবারের কাছে হস্তান্তরের সময় ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, দুই পক্ষের গোলাগুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তারা ডাকাত দলের সদস্য, নাকি বন্দিশালা থেকে পালানোর চেষ্টা করা কেউ, তা নিশ্চিত নন তিনি। বন্দিশালার কাছেই মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলেও দাবি করেন শহিদুল।

উদ্ধার হওয়া আরেক ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কক্সবাজারে ডেকে নেওয়ার পর পাহাড়ের একটি আস্তানায় আটকে রাখা হয়। সেখানে আটদিন বন্দি ছিলেন তিনি। দুইবার পালানোর চেষ্টা করেও সফল হননি।

তার ভাষ্য, বন্দিশালায় ৫০ জনের বেশি মানুষ ছিলেন। তাদের সাগরপথে পাচারের প্রস্তুতি চলছিল। সশস্ত্র ব্যক্তিরা আস্তানাটি পাহারা দিতেন। বন্দিদের মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্রও কেড়ে নেওয়া হয়েছিল।

এদিকে পাহাড়ে ধারাবাহিক অভিযান ও গোলাগুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর প্রভাব পড়েছে পাহাড়সংলগ্ন লেদা রোহিঙ্গা ক্যাম্পেও। নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং পাহাড় থেকে গুলির শব্দে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ক্যাম্পের বাসিন্দারা।

ক্যাম্পের মাঝি নবী হোসেন বলেন, পাহাড়ঘেঁষা ক্যাম্পের পাশে প্রায় চার হাজার মানুষের বসতি। এসব ঘটনার পর থেকে ক্যাম্পের লোকজন ভয়ভীতির মধ্যে রয়েছেন। গত কয়েকদিন ধরে পাহাড়ে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে।

ক্যাম্পের বাসিন্দা মরিয়ম খাতুন (৫০) বলেন, সকাল থেকে পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচল বেড়েছে। এর আগে কয়েকদিন পাহাড় থেকে গুলির শব্দ শোনা গেছে। সব মিলিয়ে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভাবের তাড়নায় স্ত্রীকে ভাড়া দিলেন মিজান! অতঃপর...
ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড (দেহ ব্যবসা) পরিচালনার অভিযোগে এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভাবের তাড়নায় স্ত্রীকে ভাড়া দিলেন মিজান! অতঃপর...
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ ও যাতায়াতে ভোগান্তি কমাতে ৩১ হাজার ৫০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে সরকার।
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
যশোরের মণিরামপুর উপজেলার সবুজ পল্লী কলেজে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। কলেজটিতে বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র চারজন।
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
পাশের রুমে ঘুমান স্ত্রী, তবু তেল মালিশের জন্য ছাত্রকে ডেকে নেন ইমাম
সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে অভিযুক্ত ইমাম গা ঢাকা দিয়েছেন।
পাশের রুমে ঘুমান স্ত্রী, তবু তেল মালিশের জন্য ছাত্রকে ডেকে নেন ইমাম
চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের ময়লার ভাগাড় এখন গ্রিন জোন
ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে তৈরি করা হয়েছিল ভাগাড়। এর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। অবশেষে সেই ময়লার ভাগাড় সরিয়ে স্থানটিকে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের ময়লার ভাগাড় এখন গ্রিন জোন
আরও পড়ুন
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্য আহত
নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু
ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২