
কুড়িগ্রাম পৌর টাউন হলের কেয়ারটেকার মনসুর আলীকে (৬০) হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ছুরি নয় কাচি দিয়েই তাকে হত্যা করা হয়েছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) টাউন হল চত্বরে ওই কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাতে তিনি নিহত হন। হামলায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মল্লিকা বেগম (৫৫)।
ঘটনার পর স্থানীয়রা শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে আরটিভিকে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় সানি টাউন হল চত্বরে ঢুকে মাদক সেবনের চেষ্টা করলে কেয়ারটেকার মনসুর আলী তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সানি সেখান থেকে চলে যান। এরপর আলোচনা সভা শেষ হলে অতিথি ও অংশগ্রহণকারীরা চলে যান। দুপুরের খাবার নিয়ে স্বামীর কাছে টাউন হল চত্বরে যান মল্লিকা বেগম। এ সময় সানি সেখানে ফিরে ফার্মেসিতে ব্যবহৃত ওষুধ কাটার কাঁচি দিয়ে মনসুর আলী ও তার স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করে। এতে দুজনই গুরুতর আহত হন।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনসুর আলীর মৃত্যু হয়। আহত মল্লিকা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, সানি মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত এবং ওই বাধার জেরেই তিনি ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো বিরোধ বা কারণ ছিল কি না, তা নিয়েও তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর স্থানীয়রা সানিকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ওষুধ কাটার কাঁচি উদ্ধার করেছে।
নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ডসংলগ্ন ছয় আনিপাড়ার বাসিন্দা। আটক সানি একই পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা।
ওসি কামাল হোসেন রাতে আরটিভিকে বলেন, ‘টাউন হলে প্রবেশ করতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই যুবক ফার্মেসি থেকে কাঁচি এনে তাদের ওপর অনবরত আঘাত করেন। এতে তারা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মনসুর আলী মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএইচজে


