
যশোরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।
পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই।
অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এসআর


