
ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্রেতা সেজে মোটরসাইকেলের শোরুম থেকে নতুন পালসার মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাকিব (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌর এলাকার আদর্শপাড়ায় একটি মোটরসাইকেল শোরুমে এ ঘটনা ঘটে।
আটক রাকিব মহেশপুর উপজেলার গরিনাথপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও শোরুম সূত্রে জানা গেছে, শোরুমের মালিক সিরাজুল ইসলামের প্রতিষ্ঠানে ক্রেতা সেজে প্রবেশ করেন রাকিব। পরে নতুন একটি পালসার মোটরসাইকেল (অনটেস্ট) দেখার কথা বলে সেটি নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও উপস্থিত জনতা তাকে ধাওয়া করে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করেন। খবর পেয়ে শোরুম মালিক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মারধরে আহত হওয়ায় পুলিশের কাছে সোপর্দ করার আগে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে


