
মজুরি বোর্ডের সভা স্থগিতের খবরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সোমবার (১৬ নভেম্বর) বিকেল চারটার পর কারখানা ছুটি হলে বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁদের অবরোধে অচল হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা এগিয়ে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এতে রণক্ষেত্রে পরিণত হয় মহানগরীর নাওজোর এলাকা। সংঘর্ষে বিজিবি কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে সোমবার সকাল থেকেই উত্তপ্ত ছিল গাজীপুরের শিল্পাঞ্চল। কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে দিনের উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায় মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের খবরে। সোমবার বেলা ১১টায় মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে।
বিকেল চারটার পর কারখানা ছুটি হলে বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন অসংখ্য যাত্রী ও পরিবহন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ায় আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বিজিবি কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
বিশেষ করে মহানগরীর নাওজোর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা তৎপর রয়েছেন।
এদিকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের ক্যামেরা দেখেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশের পাশাপাশি ক্যামেরার দিকে তেড়ে আসার ঘটনাও ঘটছে।
মজুরি নিয়ে অনিশ্চয়তা, একের পর এক কারখানা বন্ধ এবং শ্রমিক অসন্তোষ—সব মিলিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শিল্পকারখানায় উৎপাদন ফিরবে, সেই অপেক্ষায় রয়েছেন শ্রমিক, মালিক ও সাধারণ মানুষ।
আরটিভি/এমএইচজে


