
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নুরুদ্দিন (৪০) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে। আহত নুরুদ্দিন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ কেনার উদ্দেশ্যে রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হন সেলিম ও নুরুদ্দিন। পরে গন্তব্যে যাওয়ার জন্য জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলেন তারা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহত নুরুদ্দিনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান।
ভাবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমএইচজে


