
গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারী শ্রমিকরা কারখানা ছুটির পর কয়েকটি কারখানার গেইটে গিয়ে হামলা করে। এ সময় তারা একটি কারখানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। পরে শ্রীপুর-মাওনা সড়ক এবং পল্রী বিদ্যুৎ এলাকায় প্রায় ১০টি কারখানা আজকের (১৯ নভেম্বর) জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে সকালে বাঘের বাজার ও এর আশপাশের এলাকার প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করে। দুপুর পর্যন্ত শ্রীপুরে প্রায় ৩০টিরও বেশি কারখানা ছুটি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার পর শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকার এসকিউ সেলসিয়াস লিমিটেড পোশাক কারখানা ছুটি দিলে শ্রমিকরা এসব তান্ডব চালায়।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা জানান, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকদের সড়কে নামার ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা জোরদারে গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়িয়ে ৩৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন এসআরবি এবং ১৩ প্লাটুন আনসার সদস্য রয়েছেন। তারা গাজীপুর মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা পৌনে ১১টার দিকে এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড পোশাক (সোয়েটার) কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। পরে সড়ক পার হয়ে নোমান শিল্প গ্রুপের ইয়াসমিন স্পিনিং মিল কারখানার সামনে জড়ো হন। কারখানা গেইট বন্ধ থাকায় শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে গেইটে হামলা করে ভেতরে ঢুকে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।
তারা আরও জানান, শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক ধরে মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে এগিয়ে যায়। মিছিল আস্তে আস্তে বড় হতে থাকলে তারা চৌরাস্তা উড়াল সড়ক পার হয়ে শ্রীপুর সড়কের মাথায় কিছুক্ষণ অবস্থান নেয়।
এদিকে এ সময় স্থানীয় এক দোকানদার মোবাইল দিয়ে তাদের বিক্ষোভের ভিডিও করার সময় শ্রমিকরা ওই দোকানে হামলা করে। এ সময় আতঙ্কে মাওনা চৌরাস্তার বৃহৎ মার্কেট কর্তৃপক্ষ তাদের প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ মোড়ের দিকে যেতে থাকে। মাঝ পথ থেকে ঘুরে আবার শ্রীপুর সড়কের মাথায় অবস্থান নেয়।
মাওনা চৌরাস্তায় শ্রমিকদের অবরোধের খবরে শ্রীপুর সড়কের ব্লু ফ্যাশন লিমিটেড, ব্লু প্লানেট নীট ওয়্যার এন্ড কালার লিমিটেড, আউটপেস স্পিনিং মিলস লিমিটেড, মক্কা-মদীনা পোশাক কারখানা, কেওয়া বাজার এলাকার ত্রিপল অ্যাপরেলস লিমিটেড, নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটিড, পল্লী বিদ্যুৎ মোড় এলাকার আনোয়ারা গার্মেন্টস, নর্দান ফ্যাশন ছুটি ঘোষণা করে।
বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিলে শ্রমিকরা চলে যান।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বিক্ষোভকারী শ্রমিকরা মাওনা-শ্রীপুর সড়কের কয়েকটি কারখানা গেইটে গিয়ে ধাক্কাধাক্কি করেছে। তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। মক্কা-মদীনা কারখানার সামনে সড়কে অবস্থান নিতে চাইলে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নোমান শিল্প গ্রুপের ইয়াসমিন স্পিনিং মিল কারখানার ভিতরে গিয়ে ভাঙচুর করেছে বলে জানতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ আনসারের উপ-পরিচালক আশিকুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিট থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও বিসিকের সামনে ৬০ থেকে ৭০ জন তরুণ অবস্থান নেন। তার দেওয়া তথ্য অনুযায়ী তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। ওই স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এবং সিএ শফিকুল ইসলামের উপস্থিতিতে আনসার ব্যাটালিয়নের ৩০ সদস্যের এক প্লাটুন পুলিশ ও বিজিবির তিনটি টহল দল দায়িত্ব পালন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অবস্থান নেয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, নতুন করে বড় ধরনের শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার আশিক সাঈদ বলেন, বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, যানবাহন ভাঙচুর ও পুলিশের একটি জিপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা ও নাশকতার চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর কারাগারেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে শ্রমিকদের উৎপাদন ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আরটিভি/এমএইচজে




