
ঢাকার সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন শাহিন (৪০) নামে এক যুবক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে ছায়াবিথী আমতলা এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটক ওই ব্যক্তির নাম শাহিন। তিনি হকার্স লীগের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপের পরপরই দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহিন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে শাহিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিস কুমার দাস জানান, ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা শাহিনকে আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তিনি।
আরটিভি/এসএস


