
খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৮২ মিলিমিটারের একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মর্টারশেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন জানান, বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খোঁড়ার সময় প্রায় এক ফুট গভীরে কোদালে শক্ত কোনো বস্তুর আঘাত লাগে। পরে মাটি সরিয়ে লোহার বস্তুটি দেখতে পান তিনি। বিষয়টি তার ভাই সেকান্দারকে জানান।
বস্তুটি কী, তা নিশ্চিত হতে সেকান্দার সেটি নিয়ে বিভিন্ন জায়গায় যান। একপর্যায়ে গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর পাড়ে নিয়ে বস্তুটি কাটার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে মর্টারশেল হিসেবে শনাক্ত করেন। এ সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, মাটির নিচ থেকে ৮২ মিলিমিটারের একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে। এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনিবার সকালে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা করবে।
আরটিভি/এসকে


