
শাশুড়ি, শালা ও শালীর বিরুদ্ধে আর্থিক ও পারিবারিক নির্যাতনের নানা অভিযোগ তুলে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। চিঠিতে প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা ক্ষতির কথা উল্লেখ করে আল্লাহ তায়ালার কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এতে নিজের পরিচয় গোপন রেখে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছেন তিনি।
চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, পৃথিবীতে বিচার না পেয়ে শেষ আশ্রয় হিসেবে মহান আল্লাহর দরবারে বিচার চেয়েছেন। তিনি অত্যন্ত অসহায়, আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। স্ত্রীর মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করেছে। এ ছাড়া স্ত্রীর প্রায় সাড়ে তিন ভরি সোনার অলংকার আত্মসাৎ এবং শ্যালককে ব্যবসা করে দিতে গিয়ে কয়েক লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তিনি।
ওই ব্যক্তির অভিযোগ, তার মাত্র ২০ মাস বয়সী শিশুসন্তান শ্যালকের নির্যাতনের শিকার হয়েছে। শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানোর পাশাপাশি স্ত্রীর মোবাইল ফোন নিয়ে যাওয়ার ঘটনাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। পরে স্ত্রীর মোবাইল ব্যাংকিং হিসাব অন্য ফোনে চালু করে বিভিন্ন লেনদেনের মাধ্যমে টাকা সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় গত ১২ জুন থানায় লিখিত অভিযোগ করেছিলেন তিনি। পুলিশের উদ্যোগে বৈঠকে টাকা ফেরতের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত প্রতিকার পাননি বলে চিঠিতে উল্লেখ করেন।
সোনার অলংকার নিয়েও অভিযোগ করেছেন ওই ব্যক্তি। তার ভাষ্য, ২০২৫ সালের ঈদুল আজহার সময় নিরাপত্তার জন্য স্ত্রীর প্রায় সাড়ে তিন ভরি সোনার অলংকার শ্বশুরের কাছে রাখা হয়েছিল। পরে ফেরত চাইলে সোনা চুরি হয়ে গেছে বলে জানানো হয়। তবে খোঁজ নিয়ে সোনা বিক্রি করে দেওয়ার তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।
এ ছাড়া ২০২২ সালে শ্যালককে স্বাবলম্বী করতে নির্মাণসামগ্রীর ব্যবসা গড়ে দিতে কয়েক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন বলে চিঠিতে উল্লেখ করেন। কিন্তু শ্যালকের অনলাইন জুয়ায় আসক্তির কারণে ব্যবসাটি নষ্ট হয়ে যায় বলে অভিযোগ তার।
সব মিলিয়ে ব্যাংক হিসাবের টাকা, সোনার অলংকার, ব্যবসায় বিনিয়োগ ও অন্যান্য ব্যয়সহ প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা ক্ষতির দাবি করেছেন ওই ব্যক্তি।
চিঠির শেষাংশে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে মহান আল্লাহর কাছে ন্যায়বিচার চেয়েছেন তিনি। অভিযোগ সত্য হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অভিযুক্তদের হেদায়েত করার প্রার্থনাও জানিয়েছেন।
তবে চিঠিতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।
পাগলা মসজিদের দানবাক্সে সাধারণত মানুষ টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী দান করেন। তবে এর সঙ্গে পাওয়া যায় নানা আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও ব্যক্তিগত জীবনের না বলা গল্পও। কেউ মনোবাসনা পূরণের আশায় দান করেন, কেউ আবার চিরকুটে লিখে জানান মনের কথা। এবার সেই দানবাক্সেই পাওয়া গেল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এক ব্যক্তির অভিযোগ ও আল্লাহর কাছে বিচার চাওয়ার চিঠি।
এবার সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনার অলংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ।
আরটিভি/এমএ




