
কয়েকদিনের সহিংসতার পর গোপালগঞ্জের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ২৮ প্লাটুন বিজিবিসহ মোট ৫৫ প্লাটুন এবং ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই জেলার সড়ক গুলোতে চলছে রিকশা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন। শহরের বাজারগুলো খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারণ মানুষের ভিড়।
এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা- গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার (২২ নভেম্বর) থেকে ক্লাস ও পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জেলার সার্বিক
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন তিন বাহিনীর প্রধান। শহরের প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে। গত দুদিন ধরে জেলায় কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।
এদিকে গোপালগঞ্জে নতুন করে ২৮ প্লাটুনসহ মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ২৮ প্লাটুন আজ সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জ পৌঁছাবে বলে জানিয়েছেন- বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আরটিভি/এমএইচজে




