
বান্দরবানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে এবার একটি ট্যুরিস্ট জিপ চালু করা হয়েছে। এই ট্যুরিস্ট জিপ থেকে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন চিকিৎসা, যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে আধুনিকভাবে তৈরি এবং সুসজ্জিত এই টুরিস্ট জিপ গাড়ির উদ্বোধন করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম।
এ সময় বান্দরবান জীপ পিকাপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.নেজাম উদ্দিন,বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল, কোষাধ্যক্ষ অমিত বড়ুয়াসহ বান্দরবান জিপ-পিকাপ মালিক সমবায় সমিতির বিভিন্ন সদস্য এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বাচ্চু জানান, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে বর্তমানে কার্ডধারী এবং এর বাইরে মিলে প্রায় ৬০০ জন সদস্য চালক হিসেবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই চালকরা শ্রম দিয়ে আসলেও অর্থের ঘাটতির কারণে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তেমন কিছু সহায়তা দেওয়া সম্ভব হয়নি আর তাই এবার নতুন ক্রয়কৃত এই ট্যুরিস্ট জিপ থেকে অর্জিত সব অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিটি সদস্যদের বিভিন্ন চিকিৎসা, যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে।
তিনি আরও জানান, শুধুমাত্র গাড়িটি সংস্কার আর রক্ষণাবেক্ষণ ব্যয় বাদে যে অর্থ জমা হবে সেই অর্থ বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণে ব্যয় করা হবে।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম বলেন, বান্দরবানের প্রতিটি চালকই এক একজন দক্ষ গাইড। প্রতিদিনই দেশের নানান প্রান্ত থেকে অসংখ্য পর্যটক বান্দরবানে ভ্রমণে আসে, আর তাদের সেবা দিতে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিটি চালক প্রচুর শ্রম দিয়ে থাকে। নতুন পর্যটকবাহী এই গাড়ির অর্থ শ্রমিকদের জন্য ব্যয় হবে বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজের প্রতিটি সমিতি এভাবে সবার কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিলে নিজেরা উপকৃত হবে এবং আমাদের দেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।
আরটিভি/এমএইচজে


