
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আব্দুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ায় রশিদ আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার মো. ওসমান আলীর ছেলে।
জানা গেছে, পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার সময় পাশে থাকা শিশু আব্দুল্লাহ হঠাৎ কেঁদে ওঠে। তার মা ওয়াফিকা আলিফ একটি সাপকে চলে যেতে দেখেন এবং শিশুর শরীরে কামড়ের দাগ দেখতে পান। এরপর দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমিতা দাশ বলেন, রাতে সাপের কামড়ে আক্রান্ত একটি শিশুকে আনা হলে তাকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায়। চিকিৎসকের ধারণা, সাপটি পদ্মগোখরা ছিল।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।
আরটিভি/এমএইচজে


