
খুলনার প্রথম দালানবাড়ি হিসেবে পরিচিত ঐতিহাসিক চার্লির কুঠিবাড়ি থেকে ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে পুরোনো এই স্থাপনার বিভিন্ন অংশ খুলে নেওয়া হচ্ছে। এতে খুলনার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, ব্রিটিশ শাসনামলে নীলকর চার্লস বা চার্লি সাহেব বাড়িটি নির্মাণ করেন। খুলনা ইনস্টিটিউটের গবেষণায় ১৭৮৬ সালে বাড়িটি নির্মাণের তথ্য পাওয়া যায়। অন্যদিকে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে ১৭৯৫ সালের কথাও উল্লেখ রয়েছে।
ভৈরব নদের তীরে প্রায় ৪৩ শতাংশ জমির ওপর নির্মিত দোতলা ভবনটি খুলনা অঞ্চলের প্রথম পাকা দালান হিসেবে পরিচিত। চার্লি সাহেব এই বাড়িতে বসেই নীল চাষের কার্যক্রম পরিচালনা করতেন। চার্লির কুঠিবাড়ি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, খুলনা মহানগরীর বিকাশ, ব্যবসা-বাণিজ্যের বিস্তার ও জনপদ গড়ে ওঠার ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে।
খুলনা মহানগরীর রেলওয়ে মার্কেটের পাশে নির্জন এক কোণে ভগ্ন ও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল প্রাচীন ভবন চার্লির নীলকুঠি। চারপাশে গাছপালা, বনজঙ্গল আর নীরবতা। দূর থেকে দেখলে অনেকেরই গা শিউরে উঠবে। ১৮৮৪ সালে কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পর বাড়িটি ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অ্যান্ড রেলওয়ে কোম্পানির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর নেভিগেশন ও রেলওয়ের কার্যক্রম পৃথক হলে এটি নৌপরিবহন-সংশ্লিষ্ট কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে। স্বাধীনতার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আঞ্চলিক কার্যালয় হিসেবেও চার্লির বাড়িটি ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে পরিত্যক্ত হয়ে পড়ে ঐতিহাসিক স্থাপনাটি।
তবে গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা প্রকাশ্যেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নীলকরদের স্মৃতিবিজড়িত চার্লির কুঠিবাড়ি থেকে ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে যায়। যেন ঐতিহ্যবাহী পরিত্যক্ত এই বাড়িটি রক্ষার কেউ নেই। লুটপাটের খবর পেয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিকেলেই বাড়িটির দেখভালের জন্য দুজন নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়।
হতাশা প্রকাশ করে রেলওয়ে এলাকার বাসিন্দা মো. সাব্বির বলেন, ‘নীলকর চার্লির কুঠিবাড়িটি আমাদের খুলনার প্রথম বিল্ডিং। কারা বিল্ডিংটি ভেঙে এর ইট, কাঠ, লোহা খুলে নিয়ে গেল, তা সঠিকভাবে আমরা জানি না। তবে সরকারের যে দপ্তরের অধীনে এই বিল্ডিংটি আছে, তাদের গাফিলতির কারণেই দুর্বৃত্তরা বিল্ডিংটি ভেঙে এর ইট, কাঠ, লোহা খুলে নিয়ে গেছে। তারা যদি সঠিকভাবে তদারকি করত, তাহলে বিল্ডিংটির এই করুণ দশা হতো না। খুলনাবাসী হিসেবে আমি লজ্জিত, ইতিহাসসমৃদ্ধ খুলনার প্রথম দালানবাড়িটি আমরা রক্ষা করতে পারিনি।’
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘বাবা-দাদারা আমাদের জানিয়েছেন, চার্লির কুঠিবাড়িটি খুলনা শহরের প্রথম দালানবাড়ি। বাড়িটি খুলনার নগর গঠনের প্রাথমিক ধাপ এবং সামাজিক ইতিহাসের দৃষ্টান্ত। নানান ইতিহাসের সাক্ষী সেই বাড়িটির স্মৃতিচিহ্নই এখন সবার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত দ্রুত বাড়িটিকে তাদের তত্ত্বাবধানে নিয়ে সংরক্ষণ করা।’
বিআইডব্লিউটিসির নিরাপত্তা বিভাগের কর্মী শেখ তানভীর আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে পুরোনো এই দালানবাড়ির দায়িত্বে রয়েছি। দুষ্কৃতকারীরা এই পুরোনো বিল্ডিংয়ের মালামাল কেটে নিয়ে গেছে। আমরা জানতে পেরেছি, তারা আরও মালামাল কেটে নেওয়ার পরিকল্পনা করছে। বিষয়টি জানার পর থেকেই এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি। ভবিষ্যতে যাতে আর কোনো ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখছি। এ ছাড়া দালানবাড়ির মালামাল খুলে নেওয়ার ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়েছে।’
খুলনা বিআইডব্লিউটিসির নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর বলেন, ‘এই জমিটি রেলওয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন এটি তারাই তত্ত্বাবধান করে।’
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে, খুলনার ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো ইকবাল মাহমুদ বলেন, ‘জায়গাটি রেলওয়ের, তবে স্থাপনাটি বিআইডব্লিউটিসির। তবে স্থাপনাটির মালামাল চুরি হয়েছে কি না, সে ব্যাপারে আমার কিছুই জানা নেই।’
আরটিভি/এমএইচজে




