
দেশের বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিওনের আওতাধীন কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই রিজিওনে মোট দুটি সেক্টর অর্থাৎ কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে রয়েছে সাতটি ব্যাটালিয়ন। এরমধ্যে যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি ৪৯ ব্যাটালিয়ন (যশোর বিজিবি) দায়িত্ব পালন করছে।
লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশে যশোর সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত ২৪ ঘণ্টা বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম চলছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানো হচ্ছে। পাশাপাশি থার্মাল ড্রোন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে বা কাউকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে দেখলে বিষয়টি সাথে সাথে বিজিবিকে জানানোর জন্য সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে করছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
আরটিভি/এমএইচজে




