
কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ। তবু উত্তরের জেলা পঞ্চগড়ে কমছে না শীতের দাপট। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা জায়গা ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীতের তীব্রতা বেশি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। আগের দিনগুলোর মতো সকালে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি রয়েছে। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের শীত উপেক্ষা করেই চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদে কিছুটা গরম লাগলেও সন্ধ্যার পর শীত বাড়তে থাকে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে বেশি শীত অনুভূত হয়। দিনমজুরদেরও সকালে কাজে বের হতে ঠান্ডার কারণে কিছুটা কষ্ট হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আরটিভি/জেএমএ



