
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির এক ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম। দুর্ঘটনায় ওই একই মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার দরিচর গ্রামে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনায় আহতরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে যাওয়ার পথে একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ও দোকানে ধাক্কা দেয়। এসময় ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ইমাম আকরাম হোসেন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাকার নিচ থেকে নিহত ইমামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। পরে পুলিশ ট্রাকটি জব্দ করলেও এর আগেই চালক ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের মাধ্যমে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এসএইচএম



