
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক যুবকের মৃত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত যুবকের নাম আবুল হাসেম। তিনি নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ ও নারায়ণপুর পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন।
এর আগে মঙ্গলবার সকালে বিএসএফের গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম -২২ ব্যাটালিয়ন বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসলাম।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে আবুল হাসেমসহ ৪-৫ জনের একটি দল গরু আনার উদ্দেশে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৯ এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তাল মারী এলাকার ২০০ গজ ভেতরে প্রবেশ করে। আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফের সয়তালমারী ক্যাম্পের বিএসএসফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হাসেম। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেবি




