
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার নতুন দাম কার্যকর করেছে। এক ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুস সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। তবে বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দর বাড়ার কারণে আবারও দাম বাড়ানো হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।
২০২৬ সালের শুরুতেই বাজুস দেশের বাজারে দুই দফায় সোনার দাম পরিবর্তন করলো। গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সোনার দামও বাড়ানো হয়েছে।
আরটিভি/এসকে


